জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ২০ আগস্ট, ২০২৬ ৭:০১ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (ম্যানেজিং কমিটি) সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও দুলু আহমদ হৃদয় নামের এক ব্যক্তিকে সভাপতি পদে প্রস্তাব করা হয়েছে বলে অভিযোগ করেছেন, স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঘটনার প্রতিকার ও সুষ্ঠু তদন্তের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজুল হক চৌধুরি প্রত্যক্ষ অনিয়ম ও স্বজনপ্রীতির আশ্রয় নিয়েছেন। সরকারি বিধিমালা অনুযায়ী, সভাপতি পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক হলেও, প্রাথমিক শিক্ষার গণ্ডি পার না হওয়া এক ব্যক্তিকে সভাপতি পদে প্রস্তাব করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ে বহু যোগ্য, শিক্ষিত ও সমাজসেবী ব্যক্তি থাকা সত্ত্বেও তাদের তোয়াক্কা না করে প্রধান শিক্ষক অসাধু উদ্দেশ্যে এই অনিয়ম করেছেন। এতে, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অভিযোগের বিষয়ে এলাকাবাসীর পক্ষে আশিকুর রহমান তামিম জানান, একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনার দায়িত্বে যদি নীতিমালা ভঙ্গ করে কোনো অশিক্ষিত বা অযোগ্য লোককে বসানো হয়, তবে শিক্ষার মান কোথায় গিয়ে ঠেকবে? এলাকায় একাধিক শিক্ষিত ও যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও নিয়ম ভেঙে এই কাজ করা হয়েছে। আমরা দ্রুত এই বেআইনি প্রস্তাব বাতিল করে বিধি মোতাবেক যোগ্য ব্যক্তিকে সভাপতি নির্বাচনের দাবি জানাচ্ছি। আমি লিখিত অভিযোগ দিয়েছি।
এলাকাবাসী জানান, উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এজাজুল হক চৌধুরি বলেন, দুলু মিয়া এসএসসি পাস নয়। লিখিত অভিযোগ, কোনো খবর আমি জানি না।
প্রস্তাবিত সভাপতি দুলু আহমদ রীদয় জানান, আমি প্প্রাইমারির্যন্ত লেখাপড়া করেছি। শিক্ষিত কেউ এগিয়ে না আসায় আমাকে উপস্থিতির সমর্থনে করা হচ্ছে
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহাবুবুল আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রাথমিক বিদ্যালয়, সভাপতি নির্বাচন, অনিয়ম, অভিযোগ, জগন্নাথপুর, সুনামগঞ্জ