সুনামগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ জানাতে হটলাইন চালু
দৈনন্দিন
প্রকাশঃ ২০ আগস্ট, ২০২৬ ৩:৪২ অপরাহ্ন
সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত অভিযোগ, সরবরাহ বিভ্রাট বা যেকোনো বৈদ্যুতিক জরুরি তথ্য জানানোর জন্য নির্দিষ্ট হটলাইন নম্বর চালু করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ। সপ্তাহের সাত দিনই চব্বিশ ঘণ্টা খোলা থাকবে এই অভিযোগ কেন্দ্র।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জারি করা এক বিজ্ঞপ্তিতে বিউবো সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী রাসেল আহমাদ গ্রাহকদের উদ্দেশে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো অভিযোগ বা জরুরি প্রয়োজনে গ্রাহকরা মোবাইল নম্বর ০১৩১৩০৯৬১০৭ ও ০১৭১৪০৬৯৩৭৭ এবং টেলিফোন নম্বর +৮৮০২৯৯৬৬০০৭৫৮-এ যোগাযোগ করতে পারবেন।
হটলাইন চালুর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়সূচি মেনে চলার জন্যও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, শপিং মল, মার্কেট ও দোকানপাটে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার ও আলোকসজ্জা সীমিত রাখতে হবে এবং নির্ধারিত সময়ের পর তা বন্ধ রাখতে হবে। বিলবোর্ড সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখা গেলেও এরপর তা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের অনুমতি থাকলেও তার পর তা বন্ধ রাখতে হবে।
তবে খাবারের দোকান, ওষুধের দোকান ও হাসপাতালকে এই সময়সীমার আওতামুক্ত রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিদ্যুতের অপচয় রোধ, সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং সরবরাহ ব্যবস্থাপনায় সহায়তার জন্য গ্রাহক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাট, হটলাইন, অভিযোগ কেন্দ্র, বিদ্যুৎ সাশ্রয়, সুনামগঞ্জ বিউবো, গ্রাহক সেবা