২০ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / মামলা

বনাঞ্চল থেকে গাছ কেটে বিক্রি: বিএনপি-ছাত্রদল নেতাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ২০ আগস্ট, ২০২৬ ১২:০৬ অপরাহ্ন


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটা, চুরি ও বিক্রির অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মোট ৬২ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে বন বিভাগ।


মঙ্গলবার (১৮ আগস্ট) চুনারুঘাট থানায় সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের কর্মকর্তা মোবারক হোসেন বাদী হয়ে ১৯২৭ সালের বন আইনের (২০০০ সালে সংশোধিত) ২৬(১ক)-এর (খ) ও (ঘ) ধারায় ২০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন, যার নম্বর ৩৪। একই দিনে রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে গাছ কাটা ও বিক্রির অভিযোগে বন কর্মকর্তা এইচ এম এরশাদ বাদী হয়ে আরও ৪২ জনের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা করেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ মে পর্যন্ত বিভিন্ন সময়ে সাতছড়ি জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কেটে তা কেনাবেচা করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর গোপনীয় তথ্যের ভিত্তিতে এই চুরি ও বিক্রির সঙ্গে ২০ জনের সম্পৃক্ততার প্রমাণ মেলে।


মামলায় প্রধান আসামি করা হয়েছে চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়াকে। এ ছাড়া আসামির তালিকায় রয়েছেন মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির নেতা শফিকুল ইসলাম আবুল, চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহলদার, চুনারুঘাট উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর খান, চুনারুঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক করিম সরকার এবং মিরাশী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ।


চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে এই মামলা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ বিষয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, গাছ চুরির বিরুদ্ধে বন বিভাগ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

অবৈধ গাছ কাটা, সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য, বন বিভাগ, বিএনপি, ছাত্রদল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ