১৮ আগস্ট ২০২৬

দেশজুড়ে

২০২৮-২৯ অর্থবছর শুরু হবে ১ এপ্রিল থেকে

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৮ আগস্ট, ২০২৬ ২:৫৮ অপরাহ্ন


অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছর থেকে অর্থবছর শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে পরবর্তী বছরের ৩১ মার্চ। বর্তমানে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর হিসাব করা হয়।


নতুন সময়কাল চালু করার আগে ২০২৭-২৮ অর্থবছরকে ‘ট্রানজিশনাল’ বা পরিবর্তনকালীন অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। ওই অর্থবছর নয় মাসের হবে। অর্থাৎ ২০২৭ সালের জুলাই থেকে শুরু হয়ে ২০২৮ সালের মার্চে শেষ হবে।


গতকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে অর্থবছরের সময়কাল পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই ও আগস্ট মাসে দেশে বর্ষাকাল থাকে। এ সময়ে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চালাতে গিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়। বৃষ্টির কারণে কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং জনদুর্ভোগ বাড়ে।


সরকারের যুক্তি, এপ্রিল থেকে মার্চ পর্যন্ত অর্থবছর করা হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার সুযোগ তৈরি হবে। এতে কাজের গুণগত মান বজায় রাখা এবং জনদুর্ভোগ কমানো সম্ভব হবে।


এদিকে মন্ত্রিসভার আজকের বৈঠকে আরও কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।


এছাড়া সিসামুক্ত বাংলাদেশ গড়তে ‘জাতীয় কৌশল ও বহু-বার্ষিক কর্মপরিকল্পনা (২০২৬-২০৩৫)’-এর খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা।


কাঁচা মরিচ ও টমেটো আমদানির ক্ষেত্রে শুল্ক-কর অব্যাহতি দেওয়ার একটি প্রস্তাবও বৈঠকে অনুমোদন পেয়েছে।


শেয়ার করুনঃ

দেশজুড়ে থেকে আরো পড়ুন

অর্থবছর পরিবর্তন, ২০২৮-২৯ অর্থবছর, মন্ত্রিসভা বৈঠক, তারেক রহমান, অর্থবছরের সময়কাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ