২০ এপ্রিল ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

করোনা সংক্রমণ বাড়ছে, আরটি-পিসিআর ল্যাবগুলোকে প্রস্তুতির নির্দেশ

ভয়েস ডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ১১ জুন, ২০২৫ ২:৫৭ অপরাহ্ন


দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আবারও সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিক পর্যায়ে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেখান থেকেই এ পরীক্ষা শুরু হবে। তবে কেবল উপসর্গযুক্ত ব্যক্তিদেরই এই পরীক্ষা করার সুযোগ মিলবে।


বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “যেসব হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, তাদের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”


পরিকল্পনা অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় হাসপাতালগুলোতে পরীক্ষার কার্যক্রম শুরু হবে। শুরুতে শুধুমাত্র আরটি-পিসিআর সুবিধা-সম্পন্ন হাসপাতালগুলোতেই এই পরীক্ষা চালু থাকবে।


অধ্যাপক হালিমুর রশীদ আরও জানান, স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে পরীক্ষার কিট সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশ থেকেও কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে (সিএমএসডি) নির্দেশনা দেওয়া হয়েছে।


তিনি বলেন, “আমরা আশা করছি, আগামী ১০ দিনের মধ্যে সীমিত পরিসরে করোনা পরীক্ষার কার্যক্রম চালু করতে পারব।”


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুধুমাত্র উপসর্গযুক্ত ব্যক্তিদের করোনা পরীক্ষা করা হবে। সংক্রমণের হার আরও বাড়লে পরীক্ষার পরিধি বাড়ানো হবে বলেও জানিয়েছেন অধ্যাপক হালিমুর রশীদ।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট, করোনা, করোনাভাইরাস, পরীক্ষা, আরটি-পিসিআর ল্যাব, স্বাস্থ্য অধিদপ্তর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ