১৩ আগস্ট ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে হাম উপসর্গে দুই বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৬ ১২:০৭ অপরাহ্ন


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৪ জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী মিলিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩১ জনের।


বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে ১৩ আগস্টের পরিস্থিতি তুলে ধরা হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া শিশুটির বয়স ২ বছর। সে হবিগঞ্জের বাসিন্দা এবং হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।


এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে নতুন করে ৯৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন এবং গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাক্রমে ৩ ও ২ জন ভর্তি হয়েছে। মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালেও ৩ জন ভর্তি হয়েছে।


বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯৬ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৪ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন চিকিৎসাধীন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন এবং বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালে আরও রোগী ভর্তি রয়েছেন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯৮ জন, হবিগঞ্জে ১৩০ জন, মৌলভীবাজারে ১৩৩ জন এবং সুনামগঞ্জে ৩৫৩ জন আক্রান্ত হয়েছেন। প্রতিবেদনে নিশ্চিত হাম রোগীর হিসাবে রুবেলার দুজন রোগীর তথ্যও উল্লেখ করা হয়েছে।


মৃত্যুর হিসাবেও সুনামগঞ্জে সবচেয়ে বেশি। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৪৩ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৩ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা ১৩১ জন।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেটে হাম, হাম পরিস্থিতি, হাম রোগী, হাম উপসর্গে মৃত্যু, সিলেট বিভাগে হাম, সিলেট হাম আপডেট, হবিগঞ্জে হাম, সুনামগঞ্জে হাম, মৌলভীবাজারে হাম, হাম রোগীর মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ