
মৌলভীবাজারের রাজনগরে সেতুর রেলিং ভেঙে একটি ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের সহযোগী আহত হয়েছেন। বুধবার ভোরে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের ধামাইছড়া সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম রুমান। আহত সহযোগীর নাম নয়ন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ভোজ্যতেল বোঝাই করে ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। ভোরে ধামাইছড়া সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সেতুর রেলিং ভেঙে নিচের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রুমানের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রেকারের সাহায্যে ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়া অবস্থায় চালকের মরদেহ পাওয়া যায়।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকারিয়া বলেন, ট্রাকটি সেতুর অনেক নিচে পড়ে যাওয়ায় রেকার এনে উদ্ধারকাজ চালাতে হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে সেতুর দিক থেকে বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ট্রাকটি নিচে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। স্থানীয়দের ধারণা, চালক ঘুমিয়ে পড়ায় সরু সেতুর ওপর ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ট্রাকে চালকসহ দুজন ছিলেন। দুর্ঘটনায় চালক মারা গেছেন এবং আহত সহযোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
মৌলভীবাজার, রাজনগর, ধামাইছড়া সেতু, ট্রাক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, ট্রাক খাদে, ট্রাকচালক নিহত, রুমান নিহত, নয়ন আহত, মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়ক, ফায়ার সার্ভিস, সিলেটগামী ট্রাক, সড়ক দুর্ঘটনায় মৃত্যু

