১৩ আগস্ট ২০২৬

প্রবাস / নিয়ম-নীতি

সৌদি আরবের সঙ্গে নতুন চুক্তি, সরাসরি ফ্লাইট বাড়ছে সিলেট থেকেও

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৬ ৫:০১ অপরাহ্ন


বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সদ্য স্বাক্ষরিত নতুন বিমান চলাচল সমঝোতায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবহার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। এতে সিলেট থেকে রিয়াদ, দাম্মাম, মদিনা ও জেদ্দার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ আরও বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।


নতুন সমঝোতায় সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের অনুমোদিত সংখ্যা ৪৯ থেকে বাড়িয়ে ৮৪ করা হয়েছে। পাশাপাশি সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট, পঞ্চম স্বাধীনতা ট্রাফিক অধিকার, কোড-শেয়ারিং, কো-টার্মিনালাইজেশন ও উড়োজাহাজ লিজিংয়ের সুযোগ রাখা হয়েছে।


বেবিচক চেয়ারম্যান জানান, ঢাকার পাশাপাশি দেশের আঞ্চলিক আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর ব্যবহার সম্প্রসারণের সুযোগও তৈরি হয়েছে এই সমঝোতায়। সৌদি আরবের মনোনীত এয়ারলাইনগুলোর চট্টগ্রাম ও সিলেটে ফ্লাইট পরিচালনার পরিধি বাড়ায় রিয়াদ, দাম্মাম, মদিনা ও জেদ্দার সঙ্গে সরাসরি যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। এর ফলে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সৌদি আরবগামী যাত্রীদের ভ্রমণ সহজ হওয়ার পাশাপাশি সিলেট বিমানবন্দরের আন্তর্জাতিক কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।


সৌদি আরবে বসবাস ও কর্মরত প্রায় ৪০ লাখ বাংলাদেশির মধ্যে সিলেট বিভাগের একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে। বেবিচক চেয়ারম্যান বলেন, ফ্লাইট ও আসনসংখ্যা বাড়লে প্রবাসীদের দেশে আসা-যাওয়ার সুযোগ আরও বাড়বে। পাশাপাশি এয়ারলাইনগুলোর মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি হওয়ায় যাত্রীরা আরও প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী বিমানভাড়া পাওয়ার সুযোগ পেতে পারেন।


তিনি আরও বলেন, নতুন সমঝোতার অন্যতম প্রধান সুবিধাভোগী হবেন বাংলাদেশের হজ ও ওমরাহযাত্রীরা। বিশেষ করে হজ মৌসুমে অতিরিক্ত যাত্রীর চাপ, আসন সংকট এবং ফ্লাইট পরিচালনার বিভিন্ন জটিলতা মোকাবিলায় বাড়তি ফ্লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সমঝোতায় প্রতি সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট পরিচালনার সুযোগ রাখা হয়েছে, যার মাধ্যমে তৈরি পোশাক, তাজা শাকসবজি ও ফলমূলসহ বিভিন্ন রপ্তানিপণ্য দ্রুত সৌদি আরবের বাজারে পৌঁছানোর সক্ষমতা বাড়বে বলে জানিয়েছে বেবিচক। কোড-শেয়ারিং, কো-টার্মিনালাইজেশন ও উড়োজাহাজ লিজিং সুবিধার আওতায় এয়ারলাইনগুলো চাহিদা অনুযায়ী সক্ষমতা বাড়ানোর সুযোগও পাবে।


বেবিচক চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এই সমঝোতা দুই দেশের বিমান চলাচল সহযোগিতাকে আরও শক্তিশালী ভিত্তি দেবে এবং বাংলাদেশকে একটি কার্যকর আঞ্চলিক এভিয়েশন ও কার্গো হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


শেয়ার করুনঃ

প্রবাস থেকে আরো পড়ুন

বিমান চুক্তি, সরাসরি ফ্লাইট, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সৌদি আরব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, প্রবাসীরা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ