প্রচারণার অভাবে ধুঁকছে সিলেট বিভাগীয় বৃক্ষমেলা, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের ক্ষোভ
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৬ ৬:১৩ অপরাহ্ন
আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়া, পর্যাপ্ত প্রচার-প্রচারণার অভাব ও আয়োজনে ঘাটতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সিলেট নার্সারী মালিক কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ মহিউদ্দিন।
'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে গত ১ আগস্ট থেকে আলিয়া মাদ্রাসা মাঠে ৫২টি স্টল নিয়ে শুরু হয়েছে পক্ষকালব্যাপী 'সিলেট বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬'। নির্ধারিত সময়ের প্রায় এক মাস পর মেলা শুরু হলেও এখন পর্যন্ত এর কোনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি বলে জানায় সিলেট নার্সারী মালিক কল্যাণ সংস্থা।
লিখিত বক্তব্যে মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ❝দীর্ঘদিনের ধারাবাহিকতায় বিভাগীয় বৃক্ষমেলায় র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করা হতো। কিন্তু এবার তেমন কোনো দৃশ্যমান আয়োজন লক্ষ্য করা যায়নি।❞
তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্যান্ডেল তৈরি করা হলেও তা এখনো ব্যবহারহীন অবস্থায় পড়ে আছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য গত ৯ আগস্ট বন বিভাগে লিখিত আবেদন জানায় সংগঠনটি। তবে ওই আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা তাদের জানানো হয়নি বলে অভিযোগ করেন মোহাম্মদ মহিউদ্দিন। আয়োজক কমিটির সঙ্গে বারবার লিখিত ও মৌখিকভাবে যোগাযোগ করা হলেও আশানুরূপ সাড়া মেলেনি বলেও জানান তিনি।
লিখিত বক্তব্যে বলা হয়, স্টলের আকারভেদে পরিবহন, কর্মচারীদের বেতন ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন খাতে একটি স্টলের পেছনে প্রায় ৩ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়া এবং পর্যাপ্ত প্রচারণার অভাবে কাঙ্ক্ষিত সংখ্যক দর্শনার্থী আসছেন না মেলায়। এতে দূর-দূরান্ত থেকে লাখ টাকা খরচ করে স্টল নেওয়া ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে ব্যবসায়ীরা সর্বসম্মতিক্রমে নিজ নিজ স্টল সরিয়ে নেওয়ার চিন্তাভাবনাও করেছিলেন বলে জানান মহিউদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা বন কর্মকর্তা মোবাইল ফোনে ব্যবসায়ীদের জানিয়েছেন, আগামী ১৫ আগস্ট শনিবার বিকেল ৪টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।
সংবাদ সম্মেলনে সিলেট নার্সারী মালিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে মেলায় নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে। একই সঙ্গে মেলার সমাপনী পর্যন্ত পর্যাপ্ত প্রচার-প্রচারণা নিশ্চিত করা এবং অংশগ্রহণকারী নার্সারি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আয়োজক কর্তৃপক্ষের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
বৃক্ষমেলা, সিলেট, ব্যবসায়ী, নার্সারী মালিক, প্রচারণা, বন বিভাগ