সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ন
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ঢাকাই সিনেমার খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশনের স্টপ লিস্টেও তার নাম ছিল। আজ সৌদি আরব যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে সিআইডির কর্মকর্তারা এসে তাকে নিয়ে গেছেন।
সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির তালিকায় রয়েছে অভিনেতা ডনের নামও। গত বছর এই মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত।
সিআইডির ঢাকা মেট্রো পশ্চিম বিভাগের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানিয়েছেন, ডনকে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, সে সময় মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি রিকুইজিশন পাঠিয়ে এজাহারে নাম থাকা আসামিদের দেশত্যাগে বাধা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। আজ সকাল ৬টার দিকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য ওই আসামি বিমানবন্দরে যান। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
সালমান শাহ হত্যা, ডন গ্রেপ্তার, খল অভিনেতা, সিআইডি, বিমানবন্দর, বিদেশযাত্রা নিষেধাজ্ঞা