
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেছেন, ‘জাফলং ও তামাবিলকে কেন্দ্র করে একটি পর্যটন হাব গড়ে তোলার পরিকল্পনা বাস্তবসম্মত। এ লক্ষ্যেই সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সিলেট–জাফলং রেলপথের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।’
শনিবার (১ আগস্ট) গোয়াইনঘাট উপজেলায় সিলেট-জাফলং রেলপথ প্রকল্প নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রেলপথ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক বিভাগ, স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা যৌথভাবে এলাকা পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে, এখানে রেলপথ নির্মাণ করা সম্ভব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) শেষ হওয়ার পরই নেওয়া হবে। সমীক্ষায় প্রকল্পটি বাস্তবসম্মত প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবার সমন্বয়ে কাজ এগিয়ে নেওয়া হবে।’
তামাবিল–সিলেট মহাসড়ক প্রকল্পে জমি অধিগ্রহণের অগ্রগতি সম্পর্কে সচিব বলেন, ‘জমি অধিগ্রহণের কাজ এগিয়ে চলছে। এ–সংক্রান্ত ৩০টি মামলার মধ্যে ১১টির কার্যক্রম সম্পন্ন হয়েছে।’
তিনি বলেন, ‘সড়ক বিভাগের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে অন্তত ১১টি মামলার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।’
শেয়ার করুনঃ
ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন
জাফলং, রেলপথ, পর্যটন হাব, গোয়াইনঘাট, তামাবিল, ভূমি অধিগ্রহণ

