২৯ জুলাই ২০২৬

সিলেটজুড়ে

দেশসেরা ক্লাবের স্বীকৃতি পেল রোটারি ক্লাব অব বিয়ানীবাজার

প্রতিনিধি, বিয়ানীবাজার, সিলেট

প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৬ ৪:০৭ অপরাহ্ন


রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫, বাংলাদেশের আওতাধীন ক্লাবগুলোর মধ্যে ২০২৫–২৬ রোটারি বর্ষে দেশসেরা ক্লাব হিসেবে প্লাটিনাম অ্যাওয়ার্ড অর্জন করেছে রোটারি ক্লাব অব বিয়ানীবাজার। একই সঙ্গে ক্লাবটি আরও চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে।


গত ২৬ জুন কক্সবাজারে অনুষ্ঠিত রোটারির বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ক্লাবটির প্রতিনিধিদের হাতে প্লাটিনাম অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। সেবামূলক কর্মকাণ্ড ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।


ক্লাব সূত্রে জানা গেছে, প্লাটিনাম অ্যাওয়ার্ডের পাশাপাশি ক্লাবের তৎকালীন সভাপতি (২০২৫–২৬) রোটারিয়ান হাসান আহমদ ‘গোল্ড প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ এবং পাস্ট প্রেসিডেন্ট (পিপি) ডা. আবু ইসহাক আজাদ ‘গোল্ড রিপশা টিম অ্যাওয়ার্ড’ অর্জন করেন। এছাড়া ক্লাবটি ‘বেস্ট রিপশা টিম অ্যাওয়ার্ড’ ও ‘বেস্ট ইভেন্ট অ্যাওয়ার্ড’-ও লাভ করে।


এই অর্জন উদ্‌যাপন উপলক্ষে সোমবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌর শহরের একটি রেস্তোরাঁয় মিলনমেলার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুস শুক্কুর বাবলু। সঞ্চালনা করেন ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন চেয়ারম্যান পিপি ডা. আবু ইসহাক আজাদ।


প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. তারিকুল ইসলাম বলেন, এ অর্জন শুধু একটি সংগঠনের নয়, পুরো বিয়ানীবাজারের জন্য গর্বের। সেবামূলক কর্মকাণ্ডে ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে রোটারি ক্লাব অব বিয়ানীবাজার অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিয়ানীবাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, দাসউরা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান এবং বিয়ানীবাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, প্লাটিনাম অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের সেবামূলক কার্যক্রম জাতীয় পর্যায়ে নতুন স্বীকৃতি পেয়েছে। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ক্লাবটির সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।


এ সময় পিপি কামাল হোসেন, পিপি এমরান হোসেন, পিপি ফয়জুল ইসলাম, পিপি আবু বক্কর সিদ্দিক, আইপিপি হাসান আহমদ, প্রেসিডেন্ট-ইলেক্ট ডা. আব্দুস সালাম মুক্তা, ভাইস প্রেসিডেন্ট সুমন আহমদ ও দেলোয়ার হোসেন, ক্লাব সেক্রেটারি শাবুল ইসলাম, ট্রেজারার সরোয়ার হোসেন, সার্জেন্ট অ্যাট আর্মস মো. আলী আহমদ, কমিউনিটি সার্ভিস পরিচালক সাব্বির আহমদ, ভোকেশনাল সার্ভিস পরিচালক আনোয়ার হোসেন খাঁন এবং রোটারিয়ান লাইলী বেগমসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

সিলেটজুড়ে থেকে আরো পড়ুন

রোটারি ক্লাব অব বিয়ানীবাজার, প্লাটিনাম অ্যাওয়ার্ড, রোটারি ইন্টারন্যাশনাল, রোটারি ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫, দেশসেরা রোটারি ক্লাব, বিয়ানীবাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ