২৫ জুলাই ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা / জুলাই গণঅভ্যুত্থান

ফিরে দেখা জুলাই অভ্যুত্থান

২৫ জুলাই: তুরাব হত্যা মামলা নেয়নি পুলিশ, গ্রেপ্তার আতঙ্কে ছিল আন্দোলনকারীরা

বিশেষ প্রতিবেদক

প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন


তুরাব হত্যা মামলা নেয়নি পুলিশ, ‘ব্লকেড’ কর্মসূচি চলাকালে গ্রেপ্তার আতঙ্কে ছিল আন্দোলনকারীরা

 

জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোর মধ্যে ২০২৪ সালের ২৫ জুলাই সিলেটসহ সারা দেশে পরিস্থিতি ছিল থমথমে। রাজপথে আন্দোলনের তীব্রতা আগের তুলনায় কমে এলেও মামলা, গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আন্দোলনসংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

 

এদিন ১৯ জুলাই পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের হত্যার ঘটনায় মামলা দায়েরের উদ্যোগ নেন তাঁর ভাই আবুল আহসান মো. আজরফ। তিনি কোতোয়ালী থানায় গিয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন পুলিশ সদস্যকে আসামি করে হত্যা মামলা করতে চান। তবে থানা পুলিশ সেটিকে মামলা হিসেবে গ্রহণ না করে সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে।

 

সে সময় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে একটি মামলা দায়ের করেছে। ফলে পৃথকভাবে আরেকটি হত্যা মামলা নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, সাধারণ ডায়েরির বিষয়বস্তু তদন্ত কর্মকর্তা বিদ্যমান হত্যা মামলার সঙ্গে তদন্ত করবেন।

 

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘ব্লকেড’ কর্মসূচির কারণে বন্ধ থাকা রেল যোগাযোগ পুনরায় চালুর প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে সেদিনও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

 

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত চার দফা জরুরি দাবির সময়সীমা ২৫ জুলাই শেষ হলেও সেদিন নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। আন্দোলনের সমন্বয়কদের দাবি ছিল, পুলিশি নজরদারি ও অভিযানের কারণে তারা বৈঠক করতে পারেননি। 

 

তবে পরদিন সমন্বয়ক হান্নান মাসুদ জানান, ২৬ জুলাই সারা দেশের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা এবং শোক মিছিলের কর্মসূচি পালন করা হবে।


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

সিলেট, জুলাই অভ্যুত্থান, সাংবাদিক তুরাব, নিহত সাংবাদিক, শহীদ তুরাব, ফিরে দেখা, ২৫ জুলাই ২০২৪

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ