সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতির আশা
এখনো বিপৎসীমার ওপরে কুশিয়ারা, তবে কমছে পানি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৬ ২:১৭ অপরাহ্ন
সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। যদিও কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ) স্টেশনে এখনো পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে গত ২৪ ঘণ্টায় উভয় স্টেশনেই পানির স্তর কমেছে। আগামী তিন দিনে সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ৯টার তথ্যের ভিত্তিতে প্রকাশিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পর্যবেক্ষণাধীন নদীগুলোর মধ্যে শুধু কুশিয়ারা নদীর দুটি স্টেশন—ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ)—বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তথ্য অনুযায়ী, সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৯.৭৮ মিটার, যা বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় এখানে পানির স্তর ৪ সেন্টিমিটার কমেছে। অন্যদিকে সুনামগঞ্জের মারকুলি স্টেশনে পানির উচ্চতা ৭.১০ মিটার, যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে রয়েছে। এখানেও গত ২৪ ঘণ্টায় পানি ২ সেন্টিমিটার হ্রাস পেয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানির স্তর গত ২৪ ঘণ্টায় কমেছে এবং আগামী তিন দিন এ ধারা অব্যাহত থাকতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি স্টেশন ছাড়াও সুরমা নদীর ছাতক, কানাইঘাট ও দিরাই এবং কুশিয়ারা নদীর শেওলা ও অমলশীদ স্টেশন সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে এসব নদীর পানির স্তরও আগামী তিন দিনে আরও কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে আবহাওয়া পরিস্থিতির প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী দুই দিনের মধ্যে আরও সুস্পষ্ট হতে পারে। একই সঙ্গে আগামী তিন দিনে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
কুশিয়ারা নদী, সিলেট বন্যা, সুনামগঞ্জ বন্যা, ফেঞ্চুগঞ্জ, মারকুলি, বিপৎসীমা, পানি উন্নয়ন বোর্ড, বন্যা পূর্বাভাস, সুরমা-কুশিয়ারা, সিলেটের নদীর পানি