২৩ জুলাই ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যান থেকে ভারতীয় ঔষধ ও কসমেটিকস জব্দ

প্রতিনিধি, বিয়ানীবাজার, সিলেট

প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৬ ৬:১৫ অপরাহ্ন


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পরিত্যক্ত একটি কাভার্ড ভ্যান থেকে প্রায় সোয়া ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় ঔষধ, শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব-৯। বুধবার (২২ জুলাই) বেলা ৩ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।  

 

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এবং র‍্যাব-৯, সিলেটের সমন্বয়ে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে টহল দল একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, শাড়ি এবং বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

 

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ, শাড়ি এবং কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি আভিযানিক কার্যক্রম, গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করেছে। দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গোলাপগঞ্জ, বিজিবি, র‍্যাব-৯, ভারতীয় পণ্য, চোরাচালান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ