১৬ জুলাই ২০২৬

খেলাধুলা-বিনোদন / বিশ্বকাপ ফুটবল ২০২৬

বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি

সিলেট ভয়েস স্পোর্টস ডেস্ক

প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ন


বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা ও বাংলাদেশের ভৌগোলিক দূরত্ব অনেক। তবে ফুটবলের টানে দুই দেশের সম্পর্ক এখন বিশেষ এক উচ্চতায় পৌঁছেছে। বিশ্বকাপ এলেই বাংলাদেশের অসংখ্য সমর্থকের নীল-সাদা জার্সিতে রাস্তাঘাট ছেয়ে যায়। সেই ভালোবাসার কথা জানেন আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফও।


বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ (বুধবার) ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।


স্কালোনি বলেন, ‘বাংলাদেশের মানুষ সব সময় আমাদের বিস্মিত করে। এত দূরের একটি দেশ থেকেও তারা যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে, সেটি সত্যিই অসাধারণ। নিজের দেশের বাইরে অন্য দেশের মানুষকে আর্জেন্টিনার জার্সি পরে সমর্থন করতে দেখা আমাদের জন্য বিশেষ অনুভূতির। তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’


শুধু কৃতজ্ঞতাই নয়, বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি ফোটাতে সেমিফাইনালে জয় উপহার দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।


স্কালোনি বলেন, ‘আমরা আশা করি এমন একটি ফল নিয়ে মাঠ ছাড়তে পারব, যা বাংলাদেশের সমর্থকদের আনন্দ দেবে। সেটিই আমাদের লক্ষ্য।’


বাংলাদেশে আর্জেন্টিনার জনপ্রিয়তা গত কয়েক বছরে আরও বেড়েছে। বিশেষ করে ২০২২ বিশ্বকাপের সময় দেশজুড়ে আর্জেন্টিনার প্রতি সমর্থনের যে চিত্র দেখা গেছে, তা আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত হয়েছিল। এরপর থেকেই বাংলাদেশের প্রতি আলাদা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ও কর্মকর্তা।


এর আগে দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও বাংলাদেশের সমর্থকদের নিয়ে আবেগঘন মন্তব্য করেছিলেন। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে জয়ের পর তিনি বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। তারা আমাদের জন্য সত্যিই পাগল। আমি সেখানে গিয়ে নিজের চোখে সেটা দেখেছি। মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।’


আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে তাই মাঠের লড়াইয়ের পাশাপাশি বাংলাদেশের কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকের প্রত্যাশাও সঙ্গে নিয়ে নামছে লিওনেল মেসির দল। তাদের লক্ষ্য, ফাইনালের টিকিট নিশ্চিত করে সেই সমর্থনের প্রতিদান দেওয়া।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

লিওনেল স্কালোনি, বাংলাদেশ আর্জেন্টিনা, আর্জেন্টিনা সমর্থক, বাংলাদেশ ফুটবল, আর্জেন্টিনা ইংল্যান্ড, বিশ্বকাপ ২০২৬, মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, বাংলাদেশে আর্জেন্টিনা, বিশ্বকাপ সেমিফাইনাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ