মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতল সিলেটের ‘মেডিলিংক এআই’
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৬ ২:২৫ অপরাহ্ন
স্বপ্ন, সৃজনশীলতা আর প্রযুক্তির সমন্বয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন সিলেটের একদল তরুণ শিক্ষার্থী। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্বাস্থ্যসেবা উদ্ভাবন ‘মেডিলিংক এআই’ প্রকল্প নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন তারা।
সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের (জেসিইএসসি) শিক্ষার্থীদের উদ্ভাবিত এই প্রকল্পটি চলতি বছর ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনভেনশন কম্পিটিশনে ১৩ থেকে ১৭ বছর বয়সী বিভাগের ডিজিটাল হেলথ, ওয়েলবিইং অ্যান্ড বায়োটেকনোলজি ক্যাটাগরিতে স্বর্ণপদক জয় করেছে।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের নানা প্রান্তের তরুণ উদ্ভাবকরা তাদের গবেষণা ও প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করেন। প্রতিযোগিতার কঠিন লড়াইয়ের মধ্যেই সবার দৃষ্টি কাড়ে বাংলাদেশি শিক্ষার্থীদের তৈরি ‘মেডিলিংক এআই’। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, দ্রুত, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করে তোলার লক্ষ্য নিয়েই তৈরি হয়েছে এই প্রকল্প।
স্বর্ণজয়ী দলের সদস্যরা হলেন, ওয়াশিক জাহেদ ইয়াফি, মোহাম্মদ ইসাবা ইসলাম, ওয়াইজ হাসান আরাফ, সাদি মোহাম্মদ এবং নাজমুস সাকিব নুরাজ। তাদের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে দিকনির্দেশনা দিয়েছেন সায়মা চৌধুরী দীনা। শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের ধারাবাহিক সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানা গেছে।
সিলেট, মালয়েশিয়ায়, স্বর্ণপদক, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ