২৫ জুন ২০২৬

অপরাধ-বিচার / বিচার

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজির আরিফুল, বাবর ও গউছ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ জুন, ২০২৬ ১:২২ অপরাহ্ন


সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টার মামলায় হাজির হলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।


বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তারা সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে উপস্থিত হন। মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন রয়েছে।


আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক জনসভায় গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই জনসভায় প্রধান অতিথি ছিলেন তৎকালীন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। হামলায় যুবলীগের এক নেতা নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন। ওই ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল বলে মামলায় অভিযোগ আনা হয়।


মামলার তদন্ত শেষে বিভিন্ন সময়ে বিএনপির সাবেক নেতা ও বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরে আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।


এর আগে চলতি বছরের এপ্রিলে একই মামলায় আদালতে হাজির হয়ে আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর ও জি কে গউছ নিজেদের নির্দোষ দাবি করেন।


আদালত সূত্র জানা গেছে, মামলাটির বিচার কার্যক্রম বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে মামলার যুক্তিতর্ক উপস্থাপনও শুরু হয়েছে।


২০০৪ সালের ২১ জুনের ওই হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাটি সিলেট অঞ্চলের অন্যতম আলোচিত রাজনৈতিক সহিংসতার মামলা হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট মহলে দীর্ঘদিন ধরে আগ্রহ রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুরঞ্জিত সেনগুপ্ত মামলা, দিরাই গ্রেনেড হামলা, সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা, আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি কে গউছ, সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল, দিরাই জনসভা হামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ