২৪ জুন ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে পুলিশে সোপর্দ

প্রতিনিধি, লাখাই, হবিগঞ্জ

প্রকাশঃ ২৪ জুন, ২০২৬ ৫:১১ অপরাহ্ন


হবিগঞ্জের লাখাই উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৩৪) নামের এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পরে তার মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।


বুধবার (২৪ জুন) উপজেলার ভাদিকারা গ্রামে এ ঘটনা ঘটে। সুমন মিয়া ওই গ্রামের জিতু মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে টাকার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে সুমনের বিরুদ্ধে। ঘটনার পর সামাজিক লজ্জা ও ভয়ের কারণে কিশোরী বিষয়টি পরিবারের কাউকে জানায়নি বলে জানা গেছে।


বুধবার সকালে কিশোরী পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত সুমন মিয়াকে তার গ্রাম থেকে আটক করে। এ সময় তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। পরে তাকে লাখাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


ওসি আরও বলেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের মাথা ন্যাড়া করার বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

লাখাই, হবিগঞ্জ, ধর্ষণের অভিযোগ, সুমন মিয়া, গণপিটুনি, মাথা ন্যাড়া, কিশোরী নির্যাতন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ