স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় রিমান্ডে অভিনেতা আলভী
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২৪ জুন, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ন
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া, যিনি জাহের আলভী নামে পরিচিত, তাকে দুই দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
মামলার তদন্ত কর্মকর্তা, ডিএমপির গোয়েন্দা বিভাগের (মিরপুর বিভাগ) উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক গত ২১ জুন আলভীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। সেদিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়েছিল।
রিমান্ড আবেদনে বলা হয়, স্ত্রী ইকরাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় অপমানজনক ও উসকানিমূলক মন্তব্য করতেন আলভী। আবেদনে আরও উল্লেখ করা হয়, বিবাহিত থাকা সত্ত্বেও গত ২৭ ফেব্রুয়ারি অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে মন্তব্য পোস্ট করেছিলেন তিনি। তদন্তের স্বার্থে এবং মামলার অন্যান্য দিক উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে পুলিশ আদালতকে জানায়।
অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড আবেদন বাতিল এবং জামিন চেয়ে আদালতে আবেদন করে। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন জাহের আলভী। আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরাকে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার দিন রাতে ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা করেন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন।
জাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে সন্তান রয়েছে। একই মামলায় আলভীর মা নাসরিন সুলতানা শিউলি গত ৪ জুন আদালতে আত্মসমর্পণ করলে তিনি জামিন পান।
জাহের আলভী, ইকরা মৃত্যু মামলা, আত্মহত্যার প্ররোচনা, জাহের আলভী রিমান্ড, অভিনেতা জাহের আলভী