২৪ জুন ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে আটক ১০৪

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশঃ ২৪ জুন, ২০২৬ ২:১৯ অপরাহ্ন


সিলেট মহানগরীতে টানা ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ১০৪ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ সময় ২৪ কেজি গাঁজা ও ২৩০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ১৫০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানের তথ্য জানায় এসএমপি। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ জুন রাত ১২টা থেকে ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত মোট ১০৪ জনকে আটক করা হয়। এর মধ্যে ২৩ জুনের ২৪ ঘণ্টায় ৩৩ জন এবং পরবর্তী আট ঘণ্টায় আরও ৭১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামির পাশাপাশি মাদকসেবী, মাদক কারবারি, চোরাচালানকারী, জুয়াড়ি, চোর, হকার এবং সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। এছাড়া মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের বিভিন্ন ধারায়ও কয়েকজনকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা এবং ২৩০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত জিরা চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে মহানগরীর বিভিন্ন সড়কে ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে ৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে আরও ৮০টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ১৫০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, আটক, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ