ছাতকের ব্যবসায়ী আব্দুল গফ্ফারের স্ত্রী সুলতানা বেগমের দাফন সম্পন্ন
দৈনন্দিন
প্রকাশঃ ২৩ জুন, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বাগবাড়ি এলাকার ব্যবসায়ী মরহুম আব্দুল গফ্ফারের সহধর্মিণী সুলতানা বেগম (বকুল) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (২০ জুন) ভোরে ঢাকার কাটাবন এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, আর্থারাইটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
সেদিনই তাঁর মরদেহ ছাতকের বাগবাড়ির বাড়িতে আনা হয়। পরে রাতেই বাগবাড়ি গোরস্তানে স্বামী মরহুম আব্দুল গফ্ফারের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। এর আগে বাগবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন।
এদিকে, সোমবার মরহুমার কুলখানি তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও শিরনি বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
মৃত্যুকালে সুলতানা বেগম দুই মেয়ে, মেয়ের জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন। তিনি প্রকৌশলী ফরহাত আফজা লুবনা ও ব্যাংক কর্মকর্তা জিনাত আফজা সুবর্ণার মা ছিলেন।
সুলতানা বেগম দক্ষিণ সুনামগঞ্জ (বর্তমান শান্তিগঞ্জ) উপজেলার আমরিয়া বড়বাড়ির মরহুম মৌলভী মো. আব্দুল বারীর কনিষ্ঠ কন্যা ছিলেন।
সুনামগঞ্জ, ছাতক, ইন্তেকাল, মরহুম আব্দুল গফ্ফার