মহানবীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, তাহিরপুরে পুলিশ হেফাজতে যুবক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ জুন, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রুদ্র সেন হত্যা মামলার অন্যতম আসামি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরীকে ক্যাম্পাসের একটি অনুষ্ঠানে দেখা যাওয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একটি অংশ এটিকে ‘পুনর্বাসনের ইঙ্গিত’ হিসেবে দেখছে। তবে বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
রুদ্র সেন ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২৪ সালের ১৮ জুলাই চলমান আন্দোলনের সময় তিনি পানিতে পড়ে মারা যান। ওই ঘটনার এক মাস পর, ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৭৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, উপ-উপাচার্য এবং প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীকেও আসামি করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই আন্দোলনের সময় প্রশাসনের সিদ্ধান্ত ও নির্দেশনার কারণে আন্দোলনরত শিক্ষার্থীরা নানা ধরনের বাধার মুখে পড়েছিলেন। তাদের দাবি, ওই সময়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান থাকায় তাদের প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে অংশগ্রহণ সংবেদনশীল বিষয়।
আন্দোলনে সম্পৃক্ত কয়েকজন শিক্ষার্থী জানান, সরকার পরিবর্তনের পর প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেন এবং দীর্ঘ সময় ধরে অধ্যাপক কামরুজ্জামানকে ক্যাম্পাসে দেখা যায়নি। সম্প্রতি তিনি আবার বিভিন্ন একাডেমিক কার্যক্রমে অংশ নিতে শুরু করেছেন বলে তাদের দাবি। গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল কমিটির (জিএসসি) একটি সভায়ও তিনি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রশক্তির সদস্যসচিব মো. রিয়াজ হোসেন (রিমন) সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, রুদ্র সেন হত্যা মামলার আসামিরা আগে ক্যাম্পাসে আসতে সাহস পেতেন না, অথচ এখন তাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে। তিনি বর্তমান প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
তবে এফইএস বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রেদোয়ান বলেন, বিভাগের পক্ষ থেকে অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি নিজ উদ্যোগে সেখানে এসেছিলেন। তার ভাষ্য, “৫ আগস্টের পর তিনি বিভাগে আসেননি। তার উপস্থিতির বিষয়টি আগে থেকে আমাদের জানা ছিল না। অনুষ্ঠানের সময় সব শিক্ষক মঞ্চে উঠেছিলেন, তিনিও তাদের সঙ্গে মঞ্চে ওঠেন।”
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, তিনি এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। কোনো ব্যক্তি যদি শিক্ষার্থী নির্যাতন বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার প্রতি কোনো ধরনের সহনশীলতা দেখাবে না।
উপাচার্য বলেন, “আমি সম্প্রতি দায়িত্ব নিয়েছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। কেউ দোষী প্রমাণিত হলে প্রশাসন কোনোভাবেই তাকে সমর্থন করবে না।”
হত্যা মামলা, সাবেক প্রক্টর, শাবিপ্রবি, শিক্ষার্থী, ক্ষোভ, জুলাই গণঅভ্যুত্থান