বিসিকের সড়ক বন্ধে ভোগান্তি, সমাধানে মাঠে নামলেন সিসিক প্রশাসক
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ আগস্ট, ২০২৬ ৩:০০ অপরাহ্ন
সিলেটের খাদিমপাড়ার রুস্তুমপুর গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের প্রতিবন্ধকতা দূর হতে যাচ্ছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অভ্যন্তরের একটি সড়ক এলাকাবাসীর চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
খাদিমনগরে বিসিক শিল্পনগরীর ভেতরের এই সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে নিয়মিত যাতায়াত করতেন খাদিমপাড়া ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের বাসিন্দারা। সম্প্রতি সড়কটি বন্ধ করে দেওয়া হলে চরম দুর্ভোগে পড়েন এলাকার মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচলে ভোগান্তি বেড়ে যায়।
এলাকাবাসীর দুর্ভোগের খবর পেয়ে রোববার (১৬ আগস্ট) বিকেলে বিসিক এলাকায় যান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুল ইসলাম আজাদসহ স্থানীয় বাসিন্দারা।
পরিদর্শনকালে এলাকাবাসী সড়কটি বন্ধ হয়ে যাওয়ার কারণে তাঁদের দুর্ভোগের বিষয়টি সিসিক প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে ধরেন। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে বিসিকের ভেতরের এই সড়ক ব্যবহার করে তাঁরা যাতায়াত করে আসছিলেন। সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথে চলাচল করতে গিয়ে তাঁদের অতিরিক্ত সময় ও ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এলাকাবাসীর চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এলাকাবাসীর চলাচলের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হবে।
বিসিক, সড়ক বন্ধ, সিসিক প্রশাসক, আব্দুল কাইয়ুম চৌধুরী, খাদিমপাড়া, রুস্তুমপুর