২২ জুন ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ দেশে আনার উদ্যোগ, সহায়তার আশ্বাস মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ জুন, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন


কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে পাঁচ বাংলাদেশিসহ ছয়জন নিহত হন। নিহত পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ছিলেন।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। মরদেহগুলো দ্রুত দেশে পাঠানো এবং নিহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে দূতাবাস কাজ শুরু করেছে।


এক শোকবার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব প্রবাসী কর্মীর অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।


মন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি বলেন, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করতে সরকার কাজ করছে।


নিহত ব্যক্তিরা হলেন কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার কাদির আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল আহমদ, মাঝতালুক গ্রামের জসিম উদ্দিন, আগতালুক গ্রামের মস্তাক আহমদ এবং জুবায়ের আহমদ।


স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তারা কাতারে কর্মরত ছিলেন। রোববার সকালে কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি ও গাড়িচালক নিহত হন। কানাইঘাটে নিহতদের বাড়িগুলোতে এখন শোকের মাতম চলছে।


এদিকে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কাতারস্থ বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিচয় যাচাই, প্রয়োজনীয় কনস্যুলার কার্যক্রম সম্পন্ন এবং মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিদ্যমান সহায়তা কর্মসূচির আওতায় কী ধরনের সহযোগিতা দেওয়া যায়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কাতার দুর্ঘটনা, কানাইঘাটের পাঁচ প্রবাসী, মরদেহ দেশে আনা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আরিফুল হক চৌধুরী, কাতারে বাংলাদেশি নিহত, শাহানিয়া দুর্ঘটনা, সিলেট প্রবাসী, কানাইঘাট সংবাদ, প্রবাসী সহায়তা, রেমিট্যান্স যোদ্ধা, বাংলাদেশ দূতাবাস কাতার, প্রবাসী কল্যাণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ