২১ জুন ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

ডিসি সারওয়ারের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২১ জুন, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন


সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যেই সর্বস্তরের জনতার ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সিলেটের মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এমন একজন জনবান্ধব ও কর্মঠ জেলা প্রশাসককে হঠাৎ করে প্রত্যাহারের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সিলেটের নাগরিক সমস্যা সমাধান, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে সাহসী ভূমিকা পালন করেছেন।’ 

 

তারা অভিযোগ করেন, ‘ডিসি সরওয়ার আলম শহরের ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান এবং হজরত শাহজালাল ও হজরত শাহপরান (রাহ.)-এর মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করায় একটি দুর্নীতিবাজ ও সুবিধাভোগী চক্র তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’ 

 

মানববন্ধন থেকে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সিলেটবাসীর আবেগ ও প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে এই প্রত্যাহার আদেশ বাতিল করতে হবে। অন্যথায় বৃহত্তর সিলেটের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহৎ আন্দোলন, গণসমাবেশ ও হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণার বিষয়টি বিবেচনা করা হবে।’ 

 

রেনেসাঁর আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মাহফুজ বিন আবদুল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শামীমাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামীম আহমদ, কাজিরবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, আম্বরখানা মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সৈয়দ সালিম কাসিমী, মারকাজুত তালিম ওয়াত তারবিয়ার পরিচালক মুফতি মিনহাজুস সিরাজ, বিশিষ্ট দায়ি আবদুল্লাহ আল মনসুর, আহমাদুল হক উমামা, আদিব আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ডিসি সারওয়ার, সিলেট, প্রত্যাহার, মানববন্ধন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ