সুনামগঞ্জে ব্রাজিল সমর্থকদের বিশাল শোডাউন, ম্যাচ ঘিরে উচ্ছ্বাস
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ৭:২২ অপরাহ্ন
ফুটবল বিশ্বকাপকে ঘিরে সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ব্রাজিল-মরক্কো ম্যাচ ঘিরে শনিবার (১৩ জুন) বিকেলে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য ও বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট–সুনামগঞ্জ সড়কসহ প্রায় ৪০ কিলোমিটার এলাকা ঘুরে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
পুরো আয়োজনে ব্রাজিলের পতাকা, জার্সি, বিভিন্ন ব্যানার এবং বাঁশি নিয়ে শত শত সমর্থক আনন্দ–উল্লাসে মেতে ওঠেন।
শোভাযাত্রাটি ঘিরে পুরো শহরে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যেও এটি নিয়ে ব্যাপক কৌতূহল ও আগ্রহ দেখা যায়। শোভাযাত্রাটি যাওয়ার সময় রাস্তার দুই পাশ থেকে এবং বাসাবাড়ির ছাদ ও জানালার ফাঁক দিয়ে অনেককে এই আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দী করতে দেখা যায়।
শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক আবু সালেক বলেন, ‘চার বছর পর বিশ্বকাপ আসার সঙ্গে সঙ্গে ব্রাজিল সমর্থকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস তৈরি হয়। আজ ব্রাজিল–মরক্কোর প্রথম ম্যাচ। আমাদের বিশ্বাস, প্রথম ম্যাচেই ব্রাজিল দারুণ কিছু উপহার দেবে।’
আরেক সমর্থক রুজেল আহমেদ বলেন, ‘ব্রাজিল মানেই আবেগ, ভালোবাসা আর আগুনের মতো ফুটবল। আমার মতে সুনামগঞ্জে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিল সমর্থক বেশি।’
আয়োজক মেহেদী হাসান, আবু সালেক, রেজাউল গনি রাহী এবং মশিউর রহমান শাকিল জানান, ফুটবল বিশ্বকাপকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ তৈরি করতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এর আগেও তারা নানান আয়োজনে ব্রাজিলের খেলা উপভোগ করেছেন। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন আয়োজকরা।
ব্রাজিল ফ্যানস ক্লাব সুনামগঞ্জের এডমিন মেহেদী হাসান বলেন, ‘ফুটবল আমাদের আবেগের জায়গা। বিশ্বকাপ এলেই সুনামগঞ্জের ব্রাজিল সমর্থকরা একত্রিত হয়। আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ উদযাপন করি এবং সেই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।’
এদিকে শোভাযাত্রাটি ঘিরে শহরজুড়ে সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হতে দেখা গেছে। অনেকে রাস্তার পাশ কিংবা বাসার ছাদ ও জানালার ফাঁক দিয়ে মিছিলটি উপভোগ করেছেন।
সুনামগঞ্জ, ব্রাজিল সমর্থক, বিশ্বকাপ ফুটবল, মোটরসাইকেল শোভাযাত্রা, ব্রাজিল ফ্যানস ক্লাব