১৩ জুন ২০২৬

খেলাধুলা-বিনোদন / বিশ্বকাপ ফুটবল ২০২৬

ভয়ই ব্রাজিলকে সতর্ক রাখবে: আনচেলত্তি

ভয়েস স্পোর্টস ডেস্ক

প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ২:৫৬ অপরাহ্ন


ইউরোপের ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি। তবু অভিজ্ঞতার ভাণ্ডার ভরপুর হলেও বিশ্বকাপের মতো মহারণের আগে বুকের ভেতর এক চিলতে স্নায়ুচাপ অনুভব করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তবে এই ভয়কে তিনি দুর্বলতা নয়, বরং প্রয়োজনীয় সতর্ক সংকেত হিসেবে দেখছেন।


বিশ্বকাপ অভিযানের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আনচেলত্তি বলেন, “স্নায়ুচাপ কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি প্রয়োজনীয় সতর্কবার্তা। বিশেষ করে মরক্কোর মতো দলের বিপক্ষে, যারা গত বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে বিদায় করে সেমিফাইনালে খেলে বিশ্বকে চমকে দিয়েছিল।”


তিনি আরও যোগ করেন, “আপনার মনে যদি ভয় না থাকে এবং আপনি যদি অসতর্ক থাকেন, তবে সামনে সিংহ দেখলেও তাকে বিড়াল মনে করে ভুল করতে পারেন। ভয় মূলত আপনার জীবন বাঁচাতে পারে। তাই সবসময় সতর্ক ও মনোযোগী থাকা জরুরি, যাতে দল মাঠে ভালো পারফরম্যান্স উপহার দিতে পারে এবং আকস্মিক কোনো ধাক্কা না খায়।”


ফুটবল ইতিহাসে একমাত্র কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শিরোপা জয়ের অনন্য কীর্তি রয়েছে আনচেলত্তির। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ—ব্রাজিলকে দীর্ঘ প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া।


বিশ্বকাপের মতো বড় মঞ্চের চাপকে তিনি ভয় হিসেবে না দেখে উপভোগ করতে চান বলেও জানান এই অভিজ্ঞ কোচ।


তিনি বলেন, “আমি এই মুহূর্তটিকে আনন্দের সঙ্গে উপভোগ করতে চাই। এটি আমার জীবনের একটি বিশেষ অধ্যায়। আশা করি, দলকে সফল করতে যে কাজ করা দরকার, তা আমি ঠিকভাবে করতে পারব।”


বাংলাদেশ সময় অনুযায়ী রোববার (১৪ জুন) ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। বিশ্বকাপের প্রথম পরীক্ষায় কেমন শুরু করে সেলেসাওরা, এখন সেটিই দেখার অপেক্ষা।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

ব্রাজিল, কার্লো আনচেলত্তি, বিশ্বকাপ, মরক্কো বনাম ব্রাজিল, ফুটবল সংবাদ, সেলেকাও, বিশ্বকাপ ২০২৬, ব্রাজিল কোচ, আনচেলত্তি মন্তব্য, ফুটবল আপডেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ