০২ জুন ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

জনগণের পার্লামেন্টেই জবাব দেব: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ জুন, ২০২৬ ১:১৬ অপরাহ্ন

ছবিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

‘জনগণের পার্লামেন্টেই জবাব দেব’ এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটের বাদাঘাট এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থার অগ্রগতি এবং সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম নিয়ে কথা বলেন।


তিনি বলেন, এটা জনগণের পার্লামেন্ট। আমারও একটি পার্লামেন্ট আছে। আগামী ৭ তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হবে। সেখানে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করব। আমরা সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক প্রশাসনিক বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আমাদের অবস্থান তুলে ধরব।

সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান নিহত শিশু ফাহিমা আক্তারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, একটি শিশুর এমন নির্মম মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য গভীর বেদনার বিষয়।

তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তার মতে, বিচারহীনতার সংস্কৃতি সমাজে অপরাধকে উৎসাহিত করে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করে।

তিনি বলেন, আমরা চাই না আর কোনো বাবা-মাকে বলতে হোক আমার সন্তানকে আর ফিরে পাব না, আমি শুধু বিচার চাই।”

ডা. শফিকুর রহমান আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত মন্তব্য তিনি সংসদেই উপস্থাপন করবেন।

তিনি বলেন, দেশে বিভিন্ন অপরাধের ঘটনায় দ্রুত বিচার না হলে মানুষের আস্থা কমে যায়। দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও উৎসাহিত করে বলে তিনি মন্তব্য করেন।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিল এবং বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া জরুরি।

ডা. শফিকুর রহমান বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের উচিত মজলুম ও নির্যাতিতদের পাশে দাঁড়ানো। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক দায়িত্ব পালন করা সকলের কর্তব্য।

তিনি স্থানীয় জনগণকে ফাহিমার পরিবারের পাশে থাকার আহ্বান জানান এবং বলেন, তার দল আইনগত ও মানবিক সহায়তা অব্যাহত রাখবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, জামায়াতে ইসলামী, শফিকুর রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ