০৪ জুন ২০২৬

অপরাধ-বিচার / বিচার

হবিগঞ্জের দুই মামলায় হাইকোর্টে জামিন চাইলেন ব্যারিস্টার সুমন

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২ জুন, ২০২৬ ১:১০ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় হবিগঞ্জে দায়ের করা দুটি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।


মঙ্গলবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে।


এর আগে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় ব্যারিস্টার সুমনের পক্ষে দেওয়া হাইকোর্টের জামিনাদেশ বহাল রাখেন আপিল বিভাগ। গত ১১ মে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টে জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়।


ওই মামলার শুনানিতে ব্যারিস্টার সুমনের পক্ষে আইনজীবী এম লিটন আহমেদ আদালতে উপস্থিত ছিলেন।


ব্যারিস্টার সুমনকে গত বছরের ২১ অক্টোবর গভীর রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি লিখেছিলেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। সবাই দোয়া করবেন।’


আইনজীবী ও সাবেক সংসদ সদস্য সুমনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ছাড়াও তার নিজ জেলা হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে মিরপুর থানার একটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। পরে রাষ্ট্রপক্ষ সেই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলেও সর্বোচ্চ আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখেন।


এ অবস্থায় হবিগঞ্জে দায়ের করা দুটি মামলায় তার নতুন জামিন আবেদন আদালতে ওঠায় বিষয়টি নিয়ে আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ব্যারিস্টার সুমন, জামিন আবেদন, হবিগঞ্জ মামলা, হাইকোর্টে জামিন আবেদন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ