০১ জুন ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

তাহিরপুরে হত্যা মামলায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ জুন, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুরে আইয়ুব মিয়া নামের এক ব্যক্তিকে হত্যার পর মরদেহ গুমের ঘটনার মূলহোতা ও এজাহারনামীয় পলাতক আসামি হেলাল মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

 

রোববার (৩১ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে র‍্যাব-৯ সিলেট ও র‍্যাব-১১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হেলাল মিয়া সুনামগঞ্জের তাহিরপুর থানার রাজাই এলাকার বাসিন্দা আব্দুল হেকিমের ছেলে।

 

আজ সোমবার র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ মে রাতে তাহিরপুরের রাজাই এলাকায় বিজিবি সদস্যদের ধাওয়ার মুখে বিবাদীরা ভারতীয় বিড়ির চালান ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি বিড়ি জব্দ করে নিয়ে গেলে বিবাদীরা ভিকটিম আইয়ুব মিয়াকে এর জন্য দায়ী করে তাকে হত্যার হুমকি দেয়।

 

সেই রাতেই ভোররাত ৩টার দিকে আইয়ুব মিয়ার ভাতিজা তাকে জানায়, বাড়ির পেছনে কেউ টর্চলাইট মারছে। বিষয়টি দেখতে বাইরে যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরে সকাল ৫টার দিকে বাড়ির পাশের একটি পতিত জমি থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।


এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি হেলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

তাহিরপুর হত্যা মামলা, আইয়ুব মিয়া হত্যা, হেলাল মিয়া গ্রেপ্তার, র‍্যাব-৯ সিলেট, সুনামগঞ্জ সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ