০১ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / বন্যপ্রাণী সংরক্ষণ

ফলোআপ

সংরক্ষিত বনে বৈশাখী মেলার উদ্যোগ বন্ধ করল বন বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ এপ্রিল, ২০২৫ ২:৪৩ অপরাহ্ন


সিলেট নগরের টিলাগড় এলাকায় বন বিভাগের সংরক্ষিত বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রে বৈশাখী মেলার প্রস্তুতি বন্ধ করে দিয়েছে বন বিভাগ। 

কয়েক দিন ধরে সংরক্ষণ কেন্দ্রের প্রবেশমুখে বাঁশের খুঁটি গেঁড়ে মেলার স্টল বসানোর কাজ চলছিল এবং স্টল বরাদ্দের প্রচারণাও চালানো হচ্ছিল। এ নিয়ে গতকাল বুধবার সিলেট ভয়েস–এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিকেলেই বন বিভাগ ব্যবস্থা নেয়।

বন বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, “টিলাগড় ইকোপার্কটি একটি সংরক্ষিত বন, সেখানে কোনো ধরনের মেলা আয়োজনের সুযোগ নেই।” তিনি জানান, মেলার প্রস্তুতির খবর পেয়ে বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রের টিকিট ও ক্যানটিনের ইজারাদার প্রতিষ্ঠান জালাল এন্টারপ্রাইজের পরিচালককে ডেকে জিজ্ঞেস করা হয়। তিনি বিষয়টি অস্বীকার করেন। এরপর বন বিভাগ স্টল তৈরির জন্য গড়ে তোলা কাঠামো সরিয়ে নিতে নির্দেশ দেয়।

জালাল এন্টারপ্রাইজের পরিচালক মো. শাহজালাল জানান, তাঁরা ইতোমধ্যে বাঁশের খুঁটিগুলো সরিয়ে নিয়েছেন।

তবে অনুসন্ধানে জানা যায়, মেলার প্রস্তুতির পেছনে ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুল এনাম চৌধুরী। তিনি তাঁর ফেসবুক আইডি ‘লাহিন চৌধুরী’ থেকে স্টল বরাদ্দের বিজ্ঞাপন প্রচার করছিলেন।

জানা যায়, টিকিট ও ক্যানটিন পরিচালনার জন্য জালাল এন্টারপ্রাইজ বন বিভাগের সঙ্গে ২৮ মার্চ এক বছরের জন্য ৪ লাখ ৩৫ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়। এই ইজারার আওতায় তিনি এবং আরও কয়েকজন কেন্দ্রটি পরিচালনা করছেন। মেলা আয়োজনের অংশ হিসেবে সংরক্ষণ কেন্দ্রের প্রবেশমুখে ১৩টি স্টলের কাঠামো গড়ে তোলা হয়েছিল।

এ বিষয়ে সাইদুল এনাম বলেন, “আমরা দলীয় পরিচয়ে নয়, ইজারা নিয়েছি। এখানে মেলা আয়োজন করা হচ্ছিল না। ক্যানটিনটি ব্যবহারের অনুপযোগী থাকায় বৈশাখ উপলক্ষে দর্শনার্থীদের খাবার-পানীয় সরবরাহের উদ্দেশ্যে সামনের অংশে কিছু দোকান দেওয়ার পরিকল্পনা ছিল।”

বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২ নভেম্বর বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে আনা ৬২টি প্রাণী নিয়ে টিলাগড় বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রটি চালু করা হয়। এখানে খাঁচায় বিভিন্ন প্রজাতির পশুপাখি রাখা হয়েছে। ছুটির দিনে এটি দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, টিলাগড়, বন, টিলাগড় ইকোপার্ক, বৈশাখী মেলা, বনবিভাগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ