সুনামগঞ্জে ফটোগ্রাফারের ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
অপরাধ-বিচার
প্রকাশঃ ২০ মে, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন
সুনামগঞ্জে বিয়ের অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে ডেকে নিয়ে এক ফটোগ্রাফারকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে ক্যামেরা ও মালামাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে সুনামগঞ্জ সদর থানার হরিনাপাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার শাহিদ আলী (৪৩) সুনামগঞ্জ সদর থানার হরিনাপাটি গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি এ মামলার ২ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, ভুক্তভোগী জয়নাল আবেদীন (২৫) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাসিন্দা এবং পেশায় একজন ফটোগ্রাফার। গত ১৫ এপ্রিল বিয়ের অনুষ্ঠানে ছবি ও ভিডিও ধারণের কথা বলে তাকে সুনামগঞ্জে ডেকে আনেন এরশাদ নামের এক ব্যক্তি। ওইদিন রাত ৮টার দিকে জয়নাল সুনামগঞ্জের পানসী রেস্টুরেন্টের সামনে পৌঁছালে এরশাদ তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে দোয়ারাবাজারের আমবাড়ি বাজারে নিয়ে যান।
সেখানে শাহিদ আলীর সঙ্গে জয়নালের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তারা সুনামগঞ্জ সদরের হরিনাপাটি ঈদগাহ মাঠের পাশে পৌঁছামাত্র এরশাদের নির্দেশে শাহিদ ও অজ্ঞাতনামা আরেকজন জয়নালের বুকে চাকু ঠেকায়।
এ সময় তারা জয়নালের কাছ থেকে ১টি ডিএসএলআর ক্যামেরা, ৩টি লেন্স, ক্যামেরার গ্রিপ, ব্যাটারি, লাইট সেটআপ, মেমোরি কার্ড, মোবাইল ফোন এবং নগদ ১১ হাজার ৫০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় জয়নাল আবেদীন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে শাহিদ আলীকে গ্রেপ্তার কর হয়েছে জানিয়েছে র্যাব।
র্যব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সুনামগঞ্জ, গ্রেপ্তার, বিয়ে, ফটোগ্রাফার, ক্যামেরা ছিনতাই