১৯ মে ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় হাসপাতালে চালু হচ্ছে জরুরি অ্যালার্ম ব্যবস্থা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৯ মে, ২০২৬ ৪:১৩ অপরাহ্ন


চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালে ইমারজেন্সি সেন্ট্রাল অ্যালার্ম সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে রাজধানীর দুটি হাসপাতালে এ ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।


মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি)-তে অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ এ অ্যালার্ম ব্যবস্থা চালু করা হবে। পরে পর্যায়ক্রমে দেশের সব সরকারি হাসপাতালে এটি সম্প্রসারণ করা হবে।


সম্প্রতি হাসপাতালগুলোতে চিকিৎসক ও কর্মকর্তাদের ওপর হামলার কয়েকটি ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর এক সহকারী পরিচালকের কক্ষে ঢুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া মহাখালীতে ছুরিকাঘাতে আহত হন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল-এর উপপরিচালক আহমদ হোসেন। দুটি ঘটনাই হাসপাতালের টেন্ডার–সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ঘটেছে বলে জানা গেছে।


এসব ঘটনার পর চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ বাড়ে। এর পরিপ্রেক্ষিতে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালুর উদ্যোগের কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।


অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতের টেন্ডার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দুর্নীতি, অবহেলা ও গাফিলতি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

হাসপাতাল নিরাপত্তা, ইমারজেন্সি অ্যালার্ম সিস্টেম, চিকিৎসক নিরাপত্তা, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ