শ্রীমঙ্গলে হাওরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ মে, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরের রাজাপুর এলাকায় মাছ ধরতে গিয়ে মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) রাত প্রায় ৮টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশ হাওর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মাহমুদ শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকার বক্স বাড়ির আসকর আলীর ছেলে। বর্তমানে তাদের পরিবার শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মাহমুদ হাওরে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে হাইল হাওরের রাজাপুর অংশে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল, হাওর, মাছ ধরতে গিয়ে মৃত্যু, প্রাণ গেল যুবকের