সিসিকের ৭ স্বাস্থ্যকেন্দ্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত
যাপিতজীবন
প্রকাশঃ ১২ মে, ২০২৬ ৩:৩২ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় পরিচালিত একটি নগর মাতৃসদন ও ছয়টি নগর স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে কেন্দ্রগুলোর প্রশাসনিক ও সেবাদান ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এলো। এখন থেকে এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রের সার্বিক পরিচালনা ও তদারকির দায়িত্ব পালন করবে সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয়।
গতকাল সোমবার সিলেট নগর ভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। স্থানীয় সরকার ও স্বাস্থ্য প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি কার্যকর করা হয়। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।
সিসিকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর এবং স্বাস্থ্য বিভাগের পক্ষে সিলেট জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন। এ সময় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ‘আরবান হেলথ কেয়ার’ প্রকল্পের আওতায় নগর মাতৃসদনসহ সাতটি স্বাস্থ্যকেন্দ্র সিভিল সার্জন কার্যালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। তার মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে নগর পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও সমন্বিত ও কার্যকর হবে।
তিনি আরও বলেন, প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন এলেও সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। বরং সেবা কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক হবে বলে আশা করা হচ্ছে।
সিলেটের সিভিল সার্জন সূত্রে জানা গেছে, নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো দীর্ঘদিন ধরে সিসিকের অধীনে পরিচালিত হয়ে আসছিল। তবে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনা জোরদার, চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং জনবল ও সরঞ্জাম ব্যবহারে সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনা হয়েছে।
এখন থেকে সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয় এসব কেন্দ্রের চিকিৎসা কার্যক্রম, জনবল ব্যবস্থাপনা, ওষুধ সরবরাহ এবং সার্বিক তদারকি নিশ্চিত করবে।
সিলেট জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন সিলেট ভয়েসকে জানান, বর্তমানে হাসপাতালের কার্যক্রম বিগত দিনগুলোর মতোর পরিচালিত হবে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে যে সকল নির্দেশনা আসবে, সেভাবেই পদক্ষেপ গ্রহন করা হবে।
সিলেট সিটি করপোরেশন, নগর স্বাস্থ্যকেন্দ্র, সিভিল সার্জন, স্বাস্থ্য মন্ত্রণালয়, নগর মাতৃসদন