০৮ মে ২০২৬

রাজনীতি / সরকার

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘ওয়ান টাইম স্পাইক’: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ মে, ২০২৬ ১:৩৬ অপরাহ্ন


বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সাময়িকভাবে কিছু পণ্যের দাম বাড়তে পারে, তবে এটি দীর্ঘমেয়াদি বা স্থায়ী মূল্যস্ফীতিতে রূপ নেবে না। ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়লেও বাজারে যেভাবে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে, সেটিকে বাস্তবসম্মত মনে করেন না তিনি।

শুক্রবার (৮ মে) সকালে সিলেট বিমানবন্দরের পাশে জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের তুলনায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি খুবই মডেস্ট। ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ ১৫ শতাংশ বেড়েছে। কিন্তু এর অভিঘাত একটা ওয়ান টাইম স্পাইক। এটা স্পাইরাল করবে না, স্টিকিও হবে না।

তিনি বলেন, অনেকেই ধারণা করছেন জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সব পণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে। কিন্তু বাস্তবে হিসাব করলে দেখা যাবে পরিবহন ব্যয়ে যে বাড়তি চাপ পড়েছে, তা অনেক ক্ষেত্রে খুবই সীমিত।

ডিমের বাজারের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, একটা ট্রাকে হাজার হাজার ডিম আসে। এখন খাদিমগর থেকে সিলেট শহরে একটা পিকআপে যে পরিমাণ ডিম যায়, সেখানে ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব প্রতিটি ডিমের ওপর কতটুকু পড়ে, সেটা হিসাব করলেই বোঝা যাবে।

তিনি বাজারে ‘স্পেকুলেটিভ ইনফ্লেশন’ বা অনুমাননির্ভর মূল্যবৃদ্ধিকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমি অনুমান করে করে বললাম দাম বাড়বে, আর সেই সুযোগে বাজারে দাম বাড়িয়ে দিলাম এটা ঠিক না।

গণমাধ্যমকেও এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, এই স্পেকুলেটিভ ইনফ্লেশন যেন না হয়, সেটার দায়দায়িত্ব আমাদের সবার। বিশেষ করে গণমাধ্যমের ভাই-বোনদেরও দায়িত্বশীল থাকতে হবে।

কেউ বাজার নিয়ন্ত্রণ বা অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধির চেষ্টা করলে তা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বাজার তো বাজারের মতোই চলে। কেউ যদি মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করে, সেটা সুখকর হবে না।

এ সময় তদারকি সংস্থাগুলোর কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, সরকার চায় না কাউকে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি করতে। তবে পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ অসাধু তৎপরতা চালালে ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, বাণিজ্যমন্ত্রী, খন্দকার মুক্তাদির

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ