সিলেটে বিস্কুট কিনতে গিয়ে শিশু নিখোঁজ, দুইদিন পর মিলল মরদেহ
দৈনন্দিন
প্রকাশঃ ৮ মে, ২০২৬ ৪:১৪ অপরাহ্ন
সিলেটে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজের দুইদিন পর ফাহিমা আক্তার নামে চারবছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি ডেকোরেশন এর দোকানে দিনমজুরের কাজ করেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় শিশু ফাহিমা। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিলো। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
দুইদিন পর আজ শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশু ফাহিমার বাবা রাইসুল হক জানান, গত বুধবার সকাল ১১টার দিকে মায়ের কাছ থেকে দশ টাকা নিয়ে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় ফাহিমা। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সিলেটের জালালাবাদ থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট, শিশু, মৃত্যু, সদর উপজেলা