বৃষ্টিস্নাত সিলেটে এক ছাতার নিচে সস্ত্রীক প্রধানমন্ত্রী
যাপিতজীবন
প্রকাশঃ ২ মে, ২০২৬ ৬:৩০ অপরাহ্ন
সকাল তখন সবে দশটা পেরিয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে প্রধানমন্ত্রীর বিমান। সিলেটের আকাশ তখন মেঘলা, বৃষ্টি ঝরছে অবিরাম। কিন্তু সেই বৃষ্টির মধ্যেই যে দৃশ্য দেখা গেল, তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ল।
বিমান থেকে নামার সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের হাত ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিমানবন্দরের পথে দুজনে হাঁটলেন এক ছাতার নিচে পাশাপাশি, হাত ধরে।
রাষ্ট্রপ্রধানের সফর মানেই কড়া প্রটোকল, নিরাপত্তার বেষ্টনী, আনুষ্ঠানিকতার ভার। ব্যক্তিগত আবেগ সেখানে সাধারণত আড়ালেই থাকে। কিন্তু শনিবারের সিলেট সফরে সেই চেনা ছকের বাইরে গিয়ে একটি স্বাভাবিক, ঘরোয়া মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায়। আর সেটিই এখন ঘুরছে লক্ষ মানুষের ফিডে।
ফেসবুকে ছবিগুলো শেয়ার করে অনেকেই লিখছেন, ক্ষমতা বা পদের চেয়েও বড় পরিচয় একজন দায়িত্বশীল জীবনসঙ্গীর। মিফতা হাসান নামে এক যুবক লিখেছেন, শিখতে চাইলে ওনাদের থেকে শেখা উচিত কীভাবে দায়িত্ব আর ভালোবাসা একসাথে সামলাতে হয়।
তবে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা জমিয়েছেন বিবাহিত পুরুষেরা। তবে সেটি সমালোচনায় নয়, রসিকতায়। হেলাল মিয়া বলেন, প্রধানমন্ত্রী আমাদের বিপদে ফেলে দিলেন! এখন স্ত্রীরা বলবে দেখো, প্রধানমন্ত্রী হয়েও তিনি কত যত্নশীল, আর তুমি একটা ছাতাও ঠিকমতো ধরতে পারো না।
অনেকে মজা করে বলছেন, এই একটি সফরেই 'রোমান্টিক স্ট্যান্ডার্ড' নতুন উচ্চতায় পৌঁছে গেছে।
প্রসঙ্গত, শনিবার সকালে নতুন কুঁড়ি স্পোর্টস ক্লাবসহ বেশ কিছু উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করতে সিলেটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে পৌঁছে প্রথমেই তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন।
সিলেট, তারেক রহমান, ডা. জুবাইদা রহমান প্রধানমন্ত্রী