ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, জ্বালানি ও বাণিজ্য সহযোগিতায় জোর
দেশজুড়ে
প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন
বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে সৌরশক্তি ও জলবিদ্যুৎ উৎপাদনে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও পারস্পরিক বাণিজ্যের হার মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা সম্ভাবনার তুলনায় অত্যন্ত কম। এ কারণে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা জরুরি।
তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে আঞ্চলিক সম্ভাবনাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। তিনি জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
বাণিজ্য মন্ত্রী বলেন, সীমান্তবর্তী এলাকায় স্বল্প দূরত্বে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন পারস্পরিকভাবে লাভজনক হতে পারে।
অন্যদিকে, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানান ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভুটানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ইতোমধ্যে সুদৃঢ় এবং তা আরও সম্প্রসারণে তারা আগ্রহী।
রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশের বুড়িমারি সীমান্ত থেকে ভুটানের দূরত্ব খুব বেশি নয়, ফলে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভুটানের শিক্ষার্থীরা অধ্যয়ন করেন, যা দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়কে শক্তিশালী করছে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং ভুটানের মিনিস্টার কাউন্সিলর (ট্রেড) দাওয়া শেরিং উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ভুটান বাণিজ্য, খন্দকার মুক্তাদির, দ্বিপাক্ষিক বৈঠক, নবায়নযোগ্য জ্বালানি, আঞ্চলিক সহযোগিতা