১৩ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ পেল ‘সবুজ সাথী সম্মাননা’

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন


নগর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এবং কার্যকর ভূমিকার স্বীকৃতিস্বরূপ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে ‘সবুজ সাথী সম্মাননা’ প্রদান করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), সিলেট শাখা এ সম্মাননা প্রদান করে।

 

শনিবার (১৩ জুন) দুপুরে নগরীর মিরবক্সটুলার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাটি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

ধরা সিলেট শাখার আহ্বায়ক ডা. মোস্তফা শাহজামান চৌধুরীর সভাপতিত্বে এবং ধরা ও সুরমা রিভার ওয়াটারকিপারের সদস্যসচিব আব্দুল করিম কিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধরা কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন।

 

প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও পরিচিত নগরী। জনসংখ্যার দিক থেকে হয়তো বড় শহরগুলোর তুলনায় পিছিয়ে থাকলেও সুনাম, ঐতিহ্য ও সম্ভাবনার দিক থেকে সিলেটের অবস্থান অত্যন্ত উজ্জ্বল।”

 

তিনি বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের সময় আমি প্রধানমন্ত্রীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তোলার অঙ্গীকার করেছিলাম। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি এবং এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা পাচ্ছি।

 

নগর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, শুধু বর্জ্য ব্যবস্থাপনা বা জলাবদ্ধতা নিরসন নয়, নগরীর সামনে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে। সুরমা নদীকেন্দ্রিক এই নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা, জলাবদ্ধতা দূর করা এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

 

তিনি আরও বলেন, “এসব সমস্যা সমাধানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তবে সিটি কর্পোরেশনের নিজস্ব আয় সীমিত হওয়ায় উন্নয়ন কার্যক্রমে নানা চ্যালেঞ্জ রয়েছে। তাই নাগরিকদের যথাসময়ে কর পরিশোধের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে আরও সচেতন হতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”

 

বিশেষ অতিথির বক্তব্যে শরীফ জামিল বলেন, “আমরা সাধারণত ভুলত্রুটি নিয়ে বেশি কথা বলি, কিন্তু ভালো কাজের স্বীকৃতিও দেওয়া উচিত। পবিত্র ঈদুল আজহায় সিলেট সিটি কর্পোরেশন মাত্র ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি সিলেটবাসীর জন্য একটি ইতিবাচক অভিজ্ঞতা এবং অবশ্যই প্রশংসার দাবিদার।”

 

তিনি বলেন, “এই সম্মাননা সিটি কর্পোরেশনের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে বর্জ্য ব্যবস্থাপনায় সিলেট সিটি কর্পোরেশন দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য একটি অনুসরণীয় মডেল হয়ে উঠবে বলে আমরা আশা করি।”

 

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, “নগরীর প্রায় ১০ লাখ মানুষ প্রতিদিন গড়ে আধা কেজি করে বর্জ্য উৎপন্ন করেন। ফলে প্রতিদিন প্রায় ৫০০ টন বর্জ্য ব্যবস্থাপনা করতে হয়। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এসব বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং ‘জিরো ওয়েস্ট’ লক্ষ্যে পৌঁছাতে আমাদের আরও পরিকল্পিতভাবে কাজ করতে হবে।”

 

তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো হচ্ছে এবং ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নেওয়া হবে।

 

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন বলেন, “সিলেট নগরীতে ৫৩টি খাল ও ছড়া রয়েছে। এগুলো রক্ষা করা এখন সময়ের দাবি। অনেক স্থানে দেখা যায়, ছড়ার উৎসস্থলে পানি স্বচ্ছ থাকলেও শেষপ্রান্তে গিয়ে যখন সুরমায় পড়ছে তা দূষিত হয়ে পড়ে। এই খাল, ছড়া ও ড্রেনগুলোকে দূষণমুক্ত রাখা এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”

 

তিনি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানের একপর্যায়ে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পক্ষে ‘সবুজ সাথী সম্মাননা’ গ্রহণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপস্থিত অতিথিরা এ অর্জনের জন্য সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট সিটি কর্পোরেশন, সবুজ সাথী সম্মাননা, বর্জ্য ব্যবস্থাপনা, ধরা, সিলেট পরিবেশ দিবস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ