২৪ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: শাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা ও বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন


ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাব। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

শুক্রবার (২৪ এপ্রিল) শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল ও সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালে ডুজার অন্তত ১০ জন সদস্যের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। এছাড়া আগের দিন বিজয় একাত্তর হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সৃষ্ট উত্তেজনার ভিডিও ধারণ করতে গিয়েও কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রেসক্লাব নেতৃবৃন্দরা বলেন, একটি গণতান্ত্রিক দেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার পথে নগ্ন হস্তক্ষেপ। পুলিশের বেষ্টনীতে থাকা থানার ভেতর এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে আরও বলা হয় গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারের সময়ে সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকদের কলম স্তব্ধ করার এই অপচেষ্টা রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করবে।

শাবিপ্রবি প্রেসক্লাব অবিলম্বে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে বিবৃতিতে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি, প্রেসক্লাব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ