০৩ জুন ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

মৌলভীবাজার ও হবিগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ এপ্রিল, ২০২৬ ১০:১০ অপরাহ্ন


ভোজ্যতেল বিক্রিতে অনিয়মের অভিযোগে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ বাজারে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৮২ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯। অভিযানে অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ওজনে কারচুপির প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

 

রোববার (১২ এপ্রিল) পৃথক অভিযানে র‌্যাব-৯ এর বিভিন্ন ইউনিট জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় এসব অভিযান পরিচালনা করে।

 

র‌্যাব জানায়, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান দল দুপুর ১টার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন আলিপুর বাজারে অভিযান চালায়।

 

অভিযানে কয়েকটি দোকানে ভোজ্যতেলের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রি করার অভিযোগ প্রমাণিত হয়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় তিন জরিমানা করা হয়।

 

জরিমানাপ্রাপ্তরা হলেন— তোফাজ্জল (৩৫), রাজু (৪০) ও সালাউদ্দিন (৫৫) এ অভিযানে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

অন্যদিকে পৃথক অভিযানে মৌলভীবাজারে ওজন কারচুপির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে যৌথ অভিযান দল। 

 

রোববার সিপিসি-২ মৌলভীবাজার, আর্মড ক্যাম্প এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের যৌথ অভিযান দল বিকেল ৪টার দিকে মৌলভীবাজার সদর থানাধীন মোকাম বাজার বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানে ওজনে কারচুপি এবং অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫, ৪৬ ও ৪৮ ধারায় মেসার্স লক্ষ্মী এডিবল প্রোডাক্ট কারখানার মালিক পুলক চন্দ্র দাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, হবিগঞ্জে, জরিমানা, র‍্যাব, ভোজ্যতেল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ