০৩ জুন ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

কুশিয়ারা নদীর পাড় কাটায় প্রশাসনের অভিযান, এক্সকেভেটর-ট্রাক্টর জব্দ

প্রতিনিধি , জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১২ এপ্রিল, ২০২৬ ৭:৫২ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নে কুশিয়ারা নদীর পাড় কেটে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। 

 

এর আগে, গত ৯ এপ্রিল সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপ্রেক্ষিতে রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে শাপলা ব্রিক ফিল্ড সংলগ্ন কুশিয়ারা নদীর পাড়ে অভিযান চালানো হয়। 

 

অভিযানকালে ঘটনাস্থলে পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি উত্তোলনের আলামত পাওয়া যায়। তবে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

এ সময় নদীর পাড় থেকে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি এক্সকেভেটর মেশিন এবং একটি মাটি টানার ট্রাক্টর জব্দ করা হয়। তবে ঘটনাস্থল থেকে যানবাহন দুটি উদ্ধার করে নিয়ে যাওয়ার সুযোগ না থাকায় সেগুলো অকেজো করে রাষ্ট্রের অনুকূলে জব্দ দেখিয়ে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়।

 

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন জানান, কুশিয়ারা নদীর পাড় রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা প্রশাসনের অন্যতম দায়িত্ব। সংবাদপত্রে তথ্য প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত নজরদারি এবং মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ