১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / বিচার

আটক অটোরিকশা ও ইজিবাইক ফেরত দিবে পুলিশ, তবে নগরীতে চলাচল নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ এপ্রিল, ২০২৬ ১২:০১ অপরাহ্ন


সিলেট মেট্রোপলিটন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের চলাচল নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। আটক থাকা এসব যানবাহন মালিকদের কাছে ফেরত দেওয়া হবে, তবে সেগুলো কোনো অবস্থাতেই নগরীর এলাকায় চলাচল করতে পারবে না।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

সভা সূত্রে জানা গেছে, মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও ব্যাটারিচালিত যানবাহনের কারণে সৃষ্ট জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় রাজনৈতিক দলের প্রতিনিধি, অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির নেতারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, ব্যাটারিচালিত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে নগরীতে যানজট ও শৃঙ্খলাহীনতা বাড়ছে। একই সঙ্গে এসব যানবাহন নিয়ন্ত্রণে চলমান অভিযানে অনেক মালিক মানবিক সংকটে পড়েছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে আটক যানবাহনগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, হস্তান্তরের পর এসব অটোরিকশা ও ইজিবাইক মেট্রোপলিটন এলাকায় চলাচল করতে পারবে না। এ বিষয়ে সভায় উপস্থিত সবাই একমত পোষণ করেন।

এ ছাড়া নগরীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের দোকান এবং অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও সিদ্ধান্ত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মাসুদ রানা, উপপুলিশ কমিশনাররা, সিলেট সিটি করপোরেশনের প্রতিনিধি এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, মেট্রোপলিটন, পুলিশ কমিশনার, অটোরিকশা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ