২১ আগস্ট ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

জনবল সংকটে বিপর্যস্ত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স, সেবাবঞ্চিত সাধারণ মানুষ

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৫ এপ্রিল, ২০২৬ ৬:২০ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চা অধ্যুষিত এ অঞ্চলে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে এলেও প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মী না থাকায় তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

ভুক্তভোগী চা-শ্রমিক সাধন দাশ বলেন, ‘চারদিন ধরে হাসপাতালে আসছি, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না।’ তার মতো অনেক রোগী দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১২ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও জনবল বাড়েনি। বর্তমানে অনুমোদিত ১৪৫ পদের বিপরীতে কর্মরত আছেন ১০৮ জন, শূন্য রয়েছে ৩৭টি পদ।

চিকিৎসক সংকট মেটাতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসক এনে দায়িত্ব পালন করানো হচ্ছে, এতে তৃণমূল সেবাও ব্যাহত হচ্ছে। টেকনিশিয়ানের অভাবে এক্স-রে ও আলট্রাসনোগ্রাফি মেশিন অকেজো পড়ে আছে। গাইনি কনসালটেন্ট না থাকায় প্রসূতি সেবাও ব্যাহত হচ্ছে।

হাসপাতালে বহিঃবিভাগে প্রতিদিন ৫০০ থেকে ৯০০ রোগী এবং জরুরি বিভাগে শতাধিক রোগী সেবা নিলেও সীমিত জনবল নিয়ে চিকিৎসক-কর্মীরা চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, স্বল্প জনবল নিয়ে স্বাস্থ্যসেবা চালাতে আমরা হিমশিম খাচ্ছি। পর্যাপ্ত জনবল পেলে সেবার মান আরও উন্নত করা সম্ভব হতো। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, জনবল সংকটের বিষয়টি আমাদের জানা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে শূন্য পদের চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি দ্রুতই পদগুলো পূরণ করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত জনবল সংকট নিরসন না হলে শ্রীমঙ্গলের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের মানুষ আরও বেশি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল হাসপাতাল, জনবল সংকট, স্বাস্থ্যসেবা, মৌলভীবাজার খবর, চা শ্রমিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ