১৭ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / পরিবেশ

কুশিয়ারার ভাঙনে বিলীনের শঙ্কায় মাজার-মসজিদ, দ্রুত ব্যবস্থা চায় এলাকাবাসী

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ৩ এপ্রিল, ২০২৬ ৪:০৭ অপরাহ্ন

ছবিঃ নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি মাজার ও মসজিদ। দ্রুত ব্যবস্থা না নিলে অল্প সময়ের মধ্যেই স্থাপনাগুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পনাইরচক গ্রামে অবস্থিত শাহ সৈয়দ শদাই (রহ.) মাজার ও সংলগ্ন মসজিদটি কয়েকদিন ধরে তীব্র ভাঙনের কবলে রয়েছে। ইতোমধ্যে মাজারের নিচ থেকে মাটি সরে গেছে এবং আশপাশে বড় আকারের ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই কুশিয়ারা নদীর ভাঙনে এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, মসজিদ ও কবরস্থান বিলীন হয়ে যাচ্ছে। এবার মাজার ও মসজিদও ঝুঁকিতে পড়ায় উদ্বেগ বেড়েছে। মাজারে যাতায়াতের একমাত্র সড়কটিও ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে।

এলাকাবাসী জানান, অতীতে নিজেদের উদ্যোগে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও সাম্প্রতিক সময়ে ভাঙন তীব্র আকার ধারণ করায় তা আর সম্ভব হচ্ছে না। দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সামছুল ইসলাম গেদাই বলেন, 'পানি উন্নয়ন বোর্ড থেকে কিছুদিন আগে বরাদ্দ দেওয়া হলেও এখনো কাজ শুরু হয়নি। ঠিকাদার কয়েকবার এলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই।'

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প গ্রহণ করেছে। জরুরি ভিত্তিতে প্রায় ৫০ মিটার এলাকায় কাজের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে এবং শিগগিরই কাজ শুরু হবে।

তবে স্থানীয়দের দাবি, কাজ দ্রুত শুরু না হলে এই মাজার ও মসজিদ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

কুশিয়ারা নদী ভাঙন, গোলাপগঞ্জ খবর, মাজার ভাঙন, সিলেট নদী ভাঙন, পানি উন্নয়ন বোর্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ