২৯ মার্চ ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে হাম পরীক্ষার ব্যবস্থা নেই, নির্ভরতা ঢাকার উপর

মিফতা হাসান

প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন

ছবিঃ প্রতিকী ছবি।

সিলেটে সংক্রামক রোগ হামে আক্রান্তদের নমুনা পরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই। জাতীয়ভাবে শুধু রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের নমুনা পরীক্ষা করা যায়। এতে সম্ভাব্য রোগীদের অপেক্ষা করতে হয় অন্তত এক সপ্তাহ।


এদিকে সিলেট বিভাগে হাম রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে। আজ রোববার (২৯ মার্চ) সিলেট বিভাগের তিন হাসপাতালে ২০ জন রোগী হামের লক্ষণ নিয়ে ভর্তি রয়েছেন। 


সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, ‘সিলেট বিভাগে ভর্তি রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬ জন, মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দুইজন এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন চিকিৎসাধীন রয়েছেন।’

ডা. নূরে আলম সিলেট ভয়েসকে বলেন, ‘সিলেটে হাম রোগের নমুনা পরীক্ষা হয় না এবং আগেও কখনো হয়নি। ঢাকার মহাখালীর ল্যাবে দেশের বিভিন্ন স্থান থেকে নমুনা পাঠানো হয়। পরীক্ষার জন্য নমুনাগুলো সুরক্ষিতভাবে আইসোলেশনে রাখা হয়।’

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, ‘যেহেতু সিলেটে হাম রোগের নমুনা পরীক্ষা করা হয় না, তাই প্রাথমিকভাবে নির্দিষ্ট লক্ষণ দেখে আক্রান্ত ব্যক্তির রক্ত সংগ্রহ করে নিশ্চিত হওয়ার জন্য মহাখালীর ল্যাবে পাঠানো হয়।’


সিলেট ভয়েসকে তিনি বলেন, ‘চূড়ান্ত ফলাফল পেতে সর্বনিম্ন সাতদিন সময় লাগে। এর আগ পর্যন্ত রোগীদের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। যেহেতু হাম একটি সংক্রামক রোগ, তাই আক্রান্ত ও সন্দেহভাজনদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে’।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

হাম রোগ, সিলেট, স্বাস্থ্য, সংক্রামক রোগ, সিলেট বিভাগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ