স্বচ্ছলতার স্বপ্নে ইউরোপে পাড়ি, সাগরে ডুবে গেল তরুণ ফাহিমের জীবন
অভিবাসন
প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৬ ৮:১০ অপরাহ্ন
পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন ছিল চোখে, বুকভরা আশা নিয়ে বিদেশের পথে পাড়ি জমিয়েছিলেন ২০ বছর বয়সী তরুণ মোহাম্মদ আব্র ফাহিম। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত পরিণত হয়েছে এক হৃদয়বিদারক ট্র্যাজেডিতে। লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে উত্তাল সাগরে ডুবে নিভে গেছে তার জীবনপ্রদীপ।
জানা যায়, ফাহিম সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কবির নগর গ্রামের বাসিন্দা ফয়েজ উদ্দিন ও হেলেনা বেগম দম্পতির একমাত্র সন্তান। পরিবারের আর্থিক অবস্থার উন্নতি এবং একটি সুন্দর ভবিষ্যতের আশায় কিছুদিন আগে তিনি লিবিয়ায় যান। সেখান থেকে ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ সাগরপথে যাত্রা করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—সেই যাত্রাই হয়ে ওঠে তার জীবনের শেষ অধ্যায়।
পরিবার সূত্রে জানা যায়, কয়েকজন অভিবাসনপ্রত্যাশীর সঙ্গে একটি নৌকায় করে লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দেন ফাহিম। পথিমধ্যে উত্তাল সাগরের ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে সাগরে ডুবে মারা যান ফাহিম।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তার মা-বাবা। সন্তানের মৃত্যুসংবাদ শোনার পর থেকেই ভেঙে পড়েছেন মা হেলেনা বেগম। আহাজারি করতে করতে তিনি বলেন, আমার বুকের ধনকে আমি আর ফিরে পাবো না, আমার সবকিছু শেষ হয়ে গেল।
অন্যদিকে, পিতা ফয়েজ উদ্দিনও নির্বাক হয়ে পড়েছেন চোখের জলই যেন তার একমাত্র ভাষা।
লিবিয়া, সাগরপথে ইউরোপ, সুনামগঞ্জ, দোয়ারাবাজার উপজেলা, গেইমঘর, লিবিয়া গেইম