সিলেটে হাম পরীক্ষার ব্যবস্থা নেই, নির্ভরতা ঢাকার উপর
যাপিতজীবন
প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৬ ৭:০৮ অপরাহ্ন
সিলেট বিভাগে হাম রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশুদের পাশাপাশি তরুণদের মধ্যেও এ রোগের সংক্রমণ দেখা যাচ্ছে। রোববার (২৯ মার্চ) পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী হাম রোগের লক্ষণ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২০ জন ভর্তি রয়েছেন।
এদিকে নমুনা পরীক্ষায় আরও চারজনের হাম শনাক্ত হয়েছে। যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাম রোগের লক্ষণ নিয়ে সিলেটে বর্তমানে ২০জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬জন, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে দুইজন, সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন।
ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, আগামী মাসের ৫-৭ তারিখের মধ্যে হাম রোগ প্রতিরোধে একটি ক্যাম্পেইন করা হবে। টিকা কর্মসূচিও আসতে পারে। সেই লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ কাজ করছে।
এদিকে নমুনা পরীক্ষায় সিলেট বিভাগের বিভিন্ন জেলায় আরও চারজনের হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একজন, বাহুবলে একজন, মাধবপুরে একজন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলায় একজন রয়েছেন।
হাম রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে একটি আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) এটি চালু করা হয়। রোববার পর্যন্ত সেখানে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বলেন, চিকিৎসাধীন ১৬ জনের মধ্যে ১৪জন শিশু ও দুইজন ১৮ বছরের উপরে। চিকিৎসাধীন সকলের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানান তিনি।
সুমানগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, সুনামগঞ্জে হাম রোগের প্রাদুর্ভাব এখনও নেই। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা স্বাভাবিক। শুধুমাত্রও চাতক উপজেলায় একজনের হাম সনাক্ত হয়েছে।
হাম রোগ, সিলেট, স্বাস্থ্য, রোগাক্রান্ত